দাসপুরের এই বিদ্রোহী নেতার জন্মভিটের সন্ধানে গতকাল দাসপুরের গোবিন্দপুর ধানখালের কয়েকটি জায়গায় ছিলাম। সঙ্গে ছিলেন এলাকার পরিচিত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব শ্রী সুশান্ত চক্রবর্তী মহাশয়। ছিলেন দিগপতি পরিবারের প্রবীণতম ব্যক্তি শ্রদ্ধেয় ভরতবাবু।
ঘাটাল মহকুমার দাসপুরের ই বেশ কয়েকজন ঐতিহাসিক ব্যক্তিত্ব রাজা জমিদার অগ্নিযুগের বীর বিপ্লবী সহ ভূমিজদের বীরত্বের ইতিহাস গাথা রয়েছে। প্রাচীন ইতিহাসের গবেষক ও সমসময়ের কিছু কিছু ইতিহাস গবেষক লেখক এই অঞ্চলের মানুষের জীবন সংগ্রামের ইতিহাস নিয়ে আলোচনা করেছেন, গ্রন্থ রচনা করেছেন। দেশপ্রেমে উদ্বুদ্ধ সেই বীর বিপ্লবী ভূমিজদের দেশপ্রেম, জীবন যুদ্ধে পর্যুদস্ত হয়েও অপরিমেয় শক্তি সংগ্রামে উদ্বুদ্ধ সেই বীর বিপ্লবীদের ইতিহাস অনুসন্ধান পর্যালোচনার মাধ্যমে তাদের কথা তুলে ধরেছেন।
দাসপুরের তথা ঘাটাল মহকুমার প্রথম আঞ্চলিক ইতিহাসকার পঞ্চানন রায় তাঁর ” দাসপুরের ইতিহাস” , ঘাটালের কথা “,”বাংলার মন্দির ” সহ আঞ্চলিক ইতিহাসের নানা কথা বিভিন্ন প্রবন্ধে এবং তাঁর গ্রন্থে উল্লেখ করে গেছেন। প্রাচীন ইতিহাস অনুসন্ধানকারী দের কাছে কোনো দৃষ্টান্ত থাকে না। তাঁদের কাছে সবটাই অনালোচিত সবটাই অনালোকিত । সেই অনালোকিত ইতিহাসের অনুসন্ধান অন্বেষণ যাঁরা প্রথম করেন,তাঁরাই প্রধান পুরোহিত প্রথম পথিকৃৎ।
ঘাটাল তথা দাসপুরের আঞ্চলিক ইতিহাসের প্রথম পথিকৃৎ পঞ্চানন রায় কাব্যতীর্থ গোবর্ধন দিগপতির আদি বাসস্থান নিয়ে প্রথম আলোকপাত করে জানান, উত্তর ধানখালে তাঁর জন্ম এবং আদি বাসস্থান। অনুসন্ধানে জানা গেল,এই এলাকার প্রবীণ নাগরিক প্রয়াত শিক্ষক রামপ্রসাদ চক্রবর্তীর দেয়া তথ্য অনুযায়ী এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব এবং পরিচিত শ্রদ্ধেয় শিক্ষক সুশান্ত চক্রবর্তী জানালেন, উত্তর ধানখালের বিষ্টু দোলইয়ের বর্তমান ভিটেটি গোবর্ধন দিগপতির আদি জন্মভিটে। এবং জানালেন, পঞ্চানন রায় ” ঘাটালের কথা” গ্রন্থে গোবর্ধন দিগপতির আদি বাসস্থান নিয়ে যা তথ্য লিখে গেছেন এবং এটিই সঠিক।তিনি রামপ্রসাদ চক্রবর্তীর কাছ থেকেও এই এক ই তথ্য জেনেছেন।বিষ্টু দোলই কুঞ্জপুর থেকে বৈবাহিক সূত্রে এখানে আসেন এবং রামেশ্বর দোলইয়ের কন্যাকে বিবাহ করে এখানে স্থায়ী হন। রামেশ্বর দোলইয়ের পূর্ব পুরুষ দিগপতিদের কাছ থেকে এটি পেয়েছিলেন।
প্রসঙ্গত সুশান্ত বাবুদের উদ্যোগে চুয়াড় বিদ্রোহের এই নেতার আবক্ষ মূর্তির উন্মোচন নিয়ে মাসখানেক আগে এখানে একটি অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলাম অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে। ঘটনাক্রমে যাঁর ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা তাঁর অনুপস্থিতিতে আমাকেই ঐ কাজটি করতে হয়েছিল।এটা আমার পরম প্রাপ্তি।
যাওয়ার পথে জোতবানী তে আমাদের এলাকা থেকে হারিয়ে যাওয়া বিরল কনকচাঁপা ফুলের গাছ দেখলাম।। অনেকটা ধুতরা ফুলের মতো দেখতে। বসন্ত কালে পলাশ শিমুলের সঙ্গে ই ফোটে। অপূর্ব শোভা রাস্তার পাশে।এও পরম প্রাপ্তি।দিগপতিদের পরিবার এখন গোবিন্দপুর মৌজার বাসিন্দা। বর্তমান বসবাসকারী সুকুমার দোলইবাবুও জানালেন তিনি জেনেছেন,এটি দিগপতিদের ভিটে ছিল এবং গোবর্ধন দিগপতি ছিলেন এই দিগপতি পরিবারের পুরুষ।
Category: Blog
Your blog category
-

চুয়াড় বিদ্রোহের নেতা গোবর্ধন দিগপতির আদি বাসস্থান কোথায়?