জোতকানুরামগড়ের অধিকারী নিয়ে রহস্য!কানুরাম কে?

রাজা থাকলে সুরক্ষা ব্যবস্থা থাকবে। এবং তা ছিল।তার প্রমাণ এখানের গড় ও পরিখা। আরো একটু ঘুরলে খোঁজ মিলবে রাজা ও রাণীর পুকুরের। কিন্তু কে ছিলেন রাজা?


পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার দাসপুরের একেবারে শেষ প্রান্তে রূপনারায়ণের তীরে জোতকানুরামগড়। ঘাটাল থেকেও পাকা সড়ক ধরে যাওয়া যায় কয়েক কিলোমিটার পথ পেরিয়ে।রাণীচকের অদূরেই জোতকানুরামগড় একসময় দুর্গম অঞ্চল ছিল। চারপাশে জলা জমি। রূপনারায়ণ তীরবর্তী এলাকায় কিছু মানুষের বসতি ছিল। এখানেই ছিলেন এক ভূস্বামী। তিনি রাজা হতে পারেন বা জমিদার। পরবর্তী সময়ে তার জমিদারীর কিছু অংশের মালিক হয়েছিলেন শৈলেন্দ্র নাথ মিত্র এবং নলিনী নাথ মিত্র। নলিনী নাথ সম্পর্কের সূত্রে নেতাজী সুভাষচন্দ্র বসুর ভগ্নিপতি ছিলেন।জোতকানুরামগড়ের কাছারি বাড়ির ভাঙাচোরা স্মৃতি এখনও এখানকার বিখ্যাত শিবমন্দিরের পাশে রয়েছে।


জোতকানুরামগড়ের পাশ দিয়েই প্রবাহিত হয়েছে রূপনারায়ণ।দ্বারকেশ্বর নদ এবং ঝুমি নদী হুগলীর টুঙ্গিরঘাটে মিলিত হয়েছে এবং রূপনারায়ণে এসে পড়েছে। রূপনারায়ণের পাশে জোতকানুরামগড় গ্রামটির চারপাশে এখনও নিম্ন জলাভূমি। অসংখ্য খাল আর গড়ের চারপাশে বিশাল তিনটি পরিখা বেষ্টিত সমগ্র অঞ্চলটি। ধ্বংসস্তূপ হয়ে আছে গড়টির চারপাশে। গড়ের এবং রাণীর পুকুরের মাঝখানে প্রথম পরিখা। দ্বিতীয় পরিখাটি অদূরে রাজার পুকুরকে বেষ্টন করে বর্তমান চলাচলের রাস্তা বরাবর নদী বাঁধে এসে মিশেছে। তৃতীয় পরিখাটি নিম্ন জলাভূমির পাশ বরাবর এলাকাটি ঘিরে আছে।পরিখাগুলো ঘাস পানা আবর্জনায় পূর্ণ হলেও একসময়ে যে রাজাদের রক্ষা করত তার লক্ষণ স্পষ্ট।


গড়ের অবস্থান বর্তমান ঝাউতলা থেকে গড়ের ঘাট এবং জোতকানুরামগড় বাজার থেকে কুড়ানিঘাট হয়ে ভীমতলা থেকে আবার ঝাউতলা পর্যন্ত আবার ছ’ কিলোমিটার পরিধি জুড়ে। একপাশে রূপনারায়ণ এবং গড়ের চারপাশে তিনটি পরিখা ছাড়াও বড় বড় কয়েকটি ক্যানাল বা খাল পুরো অঞ্চলটি ঘিরে রেখেছে। অনুমান করা হয় বিশাল এলাকা জুড়ে ছিল রাজপ্রাসাদ। কিছু দূরে হাওয়াখানা বা হাওয়ামহল। জঙ্গলে ঢাকা গড়ের ভিতরে এখনও মাকড়া পাথর বা ইঁটের খোঁজ পাওয়া যায়। গড়ের বাইরে চারপাশে ছিল চারটি বড় বড় কামান। গ্রামের বাসিন্দা খগেন্দ্র পাল হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক কমলাকান্ত জানার কথায় ” এই গ্রামের বর্ধিষ্ণু পরিবার পাল বাবুদের বাড়ির সামনে শীতলা মন্দিরের কাছে নদীর উত্তর পূর্ব কোণে দুটি কামান ছিল।বাঁধ মেরামতের সময় এখানে অনেক কামানের গোলা পাওয়া যায়।”
বর্তমানে প্রয়াত তৎকালীন বছর পঁচাশির কমলাকান্ত নিজেও ছেলেবেলায় কামান দুটি দেখেছেন।রমানাথ পালের তিন পুত্র। কনিষ্ঠ পুত্র খগেন্দ্রর নামে হাইস্কুল এবং মধ্যম পুত্র শরতের নামে কলকাতায় শরত পাল অ্যাকাডেমি।রমানাথ পালের নামে কলকাতায় খিদিরপুর অঞ্চলে রমানাথ পাল রোড রয়েছে।শীতলা মন্দিরের পাশে কামান দুটির আর কোনো খোঁজ জানেন না কমলাকান্ত বাবু। তবে কারো কারো মতে বাঁধ নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নের সময় এগুলো মাটির নিচে চাপা পড়ে থাকতে পারে।বা নদী গর্ভে হারিয়ে যেতে পারে।


গ্রামের দক্ষিণ পশ্চিম কোণেও দুটি কামান ছিল। সেই কামান দুটি কুড়ানীর পুল তৈরি করার সময় মাটির নিচে চাপা পড়ে থাকতে পারে।কারো কারো মতে ইংরেজ শাসনের সময় এখানে বারুদের ভান্ডার ছিল। রীতিমত সুরক্ষিত এই জায়গায় ইংরেজরাই বসতি বিস্তারের চেষ্টা করেন। জায়গাটিতে মৎস্যজীবী কিছু মানুষকে বসিয়ে জায়গাটি আরও সুরক্ষিত করার চেষ্টা করেন। গবেষক শীতল সামন্ত র কথায়” যতদূর শুনেছি, ইংরেজদের সময়েই এখানে রাজা ছিলেন। রাজার গড় এবং গড়ের ধ্বংসাবশেষ তার প্রমাণ।”তিনি আরো বলেন,এই রাজ পরিবারের একজন বিশিষ্ট রাজার নাম কানুরাম। এবং তার ই নামানুসারে নামকরণ জোতকানুরামগড়। প্রবীণ কমলাকান্ত বাবু অবশ্য তা মনে করেন না।

প্রশ্ন,কানুরাম কি সত্যিই রাজা হতে পারেন! শব্দের অর্থের দিক থেকে তাঁর রাজা হওয়াও অসম্ভব।জোতের আভিধানিক অর্থ কর্ষণযোগ্য ভূসম্পত্তি।আর কর্ষণযোগ্য ভূসম্পত্তির অধিকার যাদের তারা হলেন জমিদার। আবার জোতদার মানে রাজার অধীনে ভূস্বামী। ঘাটালে একসময় এরকম ছোটোখাটো ভূস্বামী ছিলেন অনেক।জোতকেশব,জোতমণি,জোতভগবান,জোতঘনশ্যাম প্রভৃতি।জোতকানুরামগড়ে এরকমই কোনো ভূস্বামী ছিলেন হয়তো।শিব মন্দিরের পাশে ই ছিল কাছারি বাড়ি। রাজা বা জমিদারদের লোকজন এখান থেকে কর আদায় করতেন। রাজাদের প্রতিষ্ঠিত শিব মন্দিরের পুজোপাঠ এখনও নিত্য দিনের কর্ম। বৈশাখ মাসের শেষ সপ্তাহে ৭/৮ দিনের মেলায় প্রায় দেড় শতাধিক সন্ন্যাসী গাজন মেলায় অংশ নেন। প্রভাবশালী রাজা জমিদারদের সেই ইচ্ছা এখনও পূরণ করে চলেছেন এলাকার বাসিন্দারা।
চিহ্ন রয়েছে। কিন্তু জোতকানুরামগড়ের প্রাচীন ঐতিহ্য ও ইতিহাস নিয়ে ইতিহাস গবেষকদের কাছে কোনো তথ্য নেই। আঞ্চলিক ইতিহাসকার পঞ্চানন রায় কাব্যতীর্থ জ্যোতির্বিনোদের গ্রন্থে এখানকার এক রাজার রাজত্বের কথা আছে।এর বেশি কিছু নয়। রাজা বা রাণীর পুকুর আজও রাজা বা রাণীর স্মৃতি বহন করে চলেছে। রাণীর পুকুর এখনও বেশ পরিষ্কার।জল তার টলটলে। কিন্তু মজে এসেছে রাজার পুকুর।পদ্ম ফোটে সে পুকুরে এখন।তাই রাজার নামের পরিবর্তে কেউ কেউ বলেন পদ্মপুকুর।


একদিন এই পুকুর হয়তো পদ্মপুকুর নামেই সমধিক পরিচিত হবে “রাজার পুকুর” নামের পরিবর্তে। পুকুরের সংরক্ষণ প্রয়োজন। সেই সঙ্গে ইতিহাস অন্বষণের।না হলে স্থানীয় ইতিহাস হয়তো হারিয়ে যাবে বিস্মৃতির অন্তরালে।


[ আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত।তারিখ – ৯ ই ফেব্রুয়ারি,২০২০]

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *