বাসুদেবপুরের এক বিতর্ক সভায় অংশ নিয়েছিলেন পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পুরোপুরি বিতর্ক সভা বললে ভুল হবে। আসলে বিধবা বিবাহ প্রবর্তনের ঠিক আগে সমাজ সংস্কারক এই মানুষটি বাসুদেবপুরের পন্ডিত সমাজের মত চেয়েছিলেন।তার ই ফল সেই বিতর্ক বা আলোচনা সভা।
বাসুদেবপুর পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার অন্তর্গত। বিদ্যা চর্চায় গ্রামটির সুনাম ছিল।বহু পন্ডিত এই অঞ্চলে বসবাস করতেন।শিক্ষায় দীক্ষায় অঞ্চলটি ছিল যথেষ্ট উন্নত। সেই সময় বাসুদেবপুর কে দ্বিতীয় নবদ্বীপ বলেও উল্লেখ করা হত। এখানেই পুণ্যশ্লোক পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮৫৫ সালের ১ লা অক্টোবর প্রতিষ্ঠা করেছিলেন মডেল স্কুল। যার নাম ছিল বাসুদেবপুর আদর্শ বঙ্গ বিদ্যালয়।
আমাদের দেশে শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের অবদান নিয়ে নতুন করে বলার কিছু নেই। শিক্ষা বিস্তারে তাঁর এই প্রচেষ্টা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং তাঁর কর্মজীবনের ধারাবাহিকতার এক অচ্ছেদ্য অংশ।এর আগে জনশিক্ষা প্রসারে কিছু বেসরকারি প্রচেষ্টা হয়েছে। ইউরোপের মিশনারীরা এগিয়ে এসেছেন। বিভিন্ন অঞ্চলে পাঠশালা খুলে শিক্ষা বিস্তারে তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছেন। পরবর্তী সময়ে বড়লাট ময়রা সাহেব পাঠশালা গুলোর উন্নতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন।
তবে ১৮৪৪ সালে দেশীয় ভাষায় প্রাথমিক শিক্ষা বিস্তারের প্রথম প্রচেষ্টা হয়েছে বড়লাট হেনরি হার্ডিঞ্জের আমলে। বাংলা, বিহার, ওড়িশায় তিনি ১০১ টি পাঠশালা স্থাপন করেছিলেন। সেগুলো কে ” বঙ্গ বিদ্যালয়” বা হার্ডিঞ্জ স্কুল বলা হত। পরবর্তী কালে জে হ্যালিডে যখন কাউন্সিল অফ এডুকেশনের সদস্য এবং পরে বাংলার ছোটোলাট, তাঁর উদ্যোগে ই দেশীয় ভাষায় শিক্ষা বিস্তারের জন্য বিদ্যাসাগর দক্ষিণ বাংলার দায়িত্ব পান।
বিদ্যাসাগর ইন্সপেক্টর [ সহকারী] নিযুক্ত হলেন। নিযুক্ত হয়েই তাঁর সাব ইন্সপেক্টরদের পাঠালেন গ্রামে গ্রামে আদর্শ বঙ্গ বিদ্যালয় স্থাপনের উপযুক্ত স্থান নির্বাচনের জন্য। তিনি নিজেও এ ব্যাপারে যথাসাধ্য চেষ্টা শুরু করেন। বর্ধমান,হুগলী, নদীয়া এবং মেদিনীপুরে সর্বমোট কুড়িটি আদর্শ বঙ্গ বিদ্যালয় স্থাপন করেছিলেন তিনি।এই কুড়িটির একটি বাসুদেবপুরের আদর্শ বঙ্গ বিদ্যালয় বা মডেল স্কুল।
আগেই বলা হয়েছে বাসুদেবপুর গ্রাম তখন পন্ডিত প্রধান গ্রাম।নৈয়ায়িক উদয় চন্দ্র ন্যায়ভূষণ ছিলেন এই গ্রামের বিশিষ্ট পণ্ডিত। সেই সময় এই অঞ্চলে ছিল বেশ কিছু টোল। তাতে গুরুগৃহে থেকে শিক্ষা গ্রহণের ব্যবস্থা ছিল। অধ্যাপকেরা শিক্ষা দান ছাড়াও শিক্ষার্থীদের অন্নদানের ব্যবস্থা করতেন। উদয়চন্দ্র ন্যায়ভূষণ ও করতেন। ন্যায় ভূষণের ছাত্ররা অন্য স্থানে ব্যাকরণ ও কাব্যের পাঠ শেষ করে তাঁর কাছে ন্যায়শাস্ত্রের অধ্যয়ণ বা পাঠ নিতে আসতেন। উদয়চন্দ্র যখন এখানে চতুষ্পাঠী করেন, তখন আরো বেশ কিছু পণ্ডিত সুনামের সঙ্গে এখানে ছাত্রদের শিক্ষা দান করতেন। স্মৃতি,পুরাণ, সাংখ্য, বেদান্ত,ব্যাকরণ, জ্যোতিষ প্রভৃতি শাস্ত্র পড়ানো হত।টোল বা চতুষ্পাঠীর অধ্যাপকদের মধ্যে রামানন্দ বৃহস্পতি, শত্রুঘ্ন ন্যায়বাগীশ, ভবানন্দ ভট্টাচার্য, কৃষ্ণচন্দ্র বিদ্যাবাগীশ প্রমুখ ছিলেন।সরল অনাড়ম্বর জীবন যাত্রায় অভ্যস্ত পণ্ডিতেরা ছিলেন জ্ঞানচর্চা ও বিদ্যাদানে অক্লান্ত আগ্রহী।
সেই সময় বিদ্যাসাগর আদর্শ বঙ্গ বিদ্যালয় স্থাপনের উদ্দেশ্য নিয়ে গ্রামে গ্রামে ঘুরছেন। তেমনি আবার লোকাচারের সঙ্কীর্ণ গন্ডীর মধ্যে আবদ্ধ মানুষকে তাঁর সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত করতেও উদ্যোগী ছিলেন।এই সংস্কার আন্দোলনকে মর্যাদা ও প্রতিষ্ঠা দেওয়ার জন্য তিন সম্ভ্রান্ত মানুষের কাছে চিঠিপত্র লিখেছেন,সভা আহ্বান করেছেন।
এভাবে ই একদিন বাসুদেবপুর গ্রামে পৌঁছেছিলেন বিদ্যাসাগর।এই গ্রামের এখন যেখানে বৃন্দাবনচন্দ্রের মন্দির [ তাপস দত্ত এবং দে পাড়ার মধ্যবর্তী স্থান] আছে, সেখানে গ্রামের পণ্ডিতদের নিয়ে ” বিধবা বিবাহ” নিয়ে এক সভা আহ্বান করেন তিনি। বৃন্দাবন চন্দ্রের মন্দির টি ১৮৫৭ সালে তৈরি। সভার আয়োজন করেছিলেন তিনি বিদ্যালয় স্থাপনের আগের দিন। সেই সময় বিধবা বিবাহ প্রবর্তনের চেষ্টায় সমাজে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছিল।তার আঁচ মেলে বাসুদেবপুরেও। সভার আগের দিন বিদ্যাসাগর বাসুদেবপুরের পাশের গ্রাম চাঁদপুরে আসেন। চাঁদপুরে তাঁর নিকট আত্মীয় চারুচন্দ্র চট্টোপাধ্যায় এবং নবকুমার মুখোপাধ্যায়ের বাড়ি। সেখানে ই আতিথ্য গ্রহণ করেছিলেন বিদ্যাসাগর। বিকেলে তিনি সভায় যোগ দেন।
বৃন্দাবন চন্দ্রের মন্দিরের সামনে প্রশস্ত জায়গায় বাসুদেবপুরের পণ্ডিত সমাজের অন্যান্য পণ্ডিতদের সঙ্গে বিদ্যাসাগরের তর্কালোচনা হয়।বিষয় বিধবা বিবাহ প্রবর্তন। সভার বিষয়ে বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সতীশচন্দ্র তাঁর লেখায় উল্লেখ করেছিলেন।সতীশচন্দ্রের বর্ণনা অনুযায়ী,” বিদ্যাসাগর মহাশয় অতি নিপুণতার সহিত তাঁহার উদ্ভাবিত বিধবা বিবাহ যে শাস্ত্রসম্মত,তাহা বহু শাস্ত্র হ ইতে প্রতিপন্ন করার চেষ্টা করেন। কিন্তু পূজ্যপাদ ন্যায়ভূষণ মহাশয় তাঁহার অগাধ পাণ্ডিত্যের বিশেষত তাঁহার অসাধারণ বাগ্মীতায় বিদ্যাসাগরের সকল যুক্তির ই খন্ডন করিয়া অক্ষতযোনি বিধবার বিবাহ যে আমাদের হিন্দুধর্ম শাস্ত্রসম্মত বা শাস্ত্রানুমোদিত নহে তাহা প্রতিপন্ন করেন। তাঁহার এই মীমাংসা ই সভাস্থ পণ্ডিত মণ্ডলী সমর্থন করেন।”
সতীশচন্দ্র তাঁর লেখায় জানিয়েছেন, বিদ্যাসাগর বাসুদেবপুরের পন্ডিত সমাজের মত পেলেন না ঠিক ই কিন্তু তিনি এই অঞ্চলের পণ্ডিতদের পাণ্ডিত্য বিশেষ করে উদয়চন্দ্র ন্যায় ভূষণের শাস্ত্রজ্ঞান দেখে মুগ্ধ হয়েছিলেন। তাঁর লেখা থেকে আরো জানা যায়, উদয়চন্দ্র ন্যায় ভূষণের ছাত্র,খড়ার এলাকার আমড়াপাঠের বাসিন্দা রামদয়াল স্মৃতিরত্ন বিধবা বিবাহ বিষয়ক তর্ক এবং মীমাংসা নথিভুক্ত করেছিলেন।রামদয়াল সেই সময় উদয়চন্দ্র ন্যায় ভূষণের কাছে ন্যায় ও স্মৃতি পড়তেন।
আর একটি লেখা থেকে পাওয়া যায়,১৮৫৫ সালের জানুয়ারি মাসে প্রকাশিত বিদ্যাসাগরের ” বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ্বিষয়ক প্রস্তাব” নামের পুস্তিকাটি তিনি ন্যায়ভূষণকে দিয়েছিলেন, ন্যায় ভূষণের মতামত জানার জন্য।ন্যায়ভূষণ ও তার উত্তর দিয়েছিলেন।
ঘটনা হল, এলাকার পণ্ডিত সমাজের মত না পেলেও বাসুদেবপুর গ্রামকেই বিদ্যাসাগর আদর্শ বঙ্গ বিদ্যালয় প্রতিষ্ঠার উপযুক্ত স্থান হিসেবে বিবেচনা করেন। বিতর্ক সভার পরের দিন ই বৃন্দাবন চন্দ্রের মন্দিরের সামনে প্রশস্ত স্থানে বিদ্যাসাগর মডেল স্কুল স্থাপন করেন।স্থান পরিবর্তন করে করে গ্রামের সীমান্তে নতুন কলেবরে এটি একটি আদর্শ উচ্চ বিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে। যার বর্তমান নাম বাসুদেবপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠ।
[ প্রবন্ধটি আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে ১০ সেপ্টেম্বর ২০১৮ সাল]

Leave a Reply