ইতিহাস কথা বলে

গতকাল রত্নেশ্বর বাটীর শিব দুর্গা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলাম আগেই লিখেছিলাম।মেলা কমিটির আমন্ত্রণ গ্রহণ করার চেয়ে বড় কথা,এর আগে রত্নেশ্বর বাটীতে আমি যাইনি কখনও এবং এখানকার পুরাতত্ত্ব ইতিহাসের কিছু ঐতিহ্য সংস্কৃতির পরিচয় পেলেও ঐতিহাসিক নিদর্শন গুলি দেখার সৌভাগ্য হয়নি। গতকাল একই সঙ্গে এই ইতিহাস প্রসিদ্ধ স্থানে এসে পুরনো আশা পূর্ণ হল এবং আনন্দিত ও রোমাঞ্চিত হলাম।
প্রথমেই বলে রাখি, ঘাটাল থেকে কয়েক কিলোমিটারের এই রাস্তাটি একেবারে ভেঙে চুরে গেছে। খুব কষ্টে গাড়ি চালিয়ে আসতে হয় এখানে। বর্তমানের নিরিখে রাস্তা ঘাটের যেভাবে উন্নতি হয়েছে এদিককার রাস্তা সেভাবে হয়নি।বহু জায়গায় পিচ রাস্তা নষ্ট হয়ে গেছে এবং খুব সতর্কতার সঙ্গে চলাফেরা করতে হয়েছে। বিষয়টি সেটি নিয়ে নয়,যেটা বলার তা হল,এই রাস্তা আজ থেকে ৬০/৭০ বছর আগে কী অবস্থা ছিল যখন এই সব দর্শনীয় স্থানে ইতিহাস অনুসন্ধানে গবেষকরা এসেছেন। প্রথমেই বলে নেয়া ভালো এখানে অর্থাৎ রত্নেশ্বর বাটিতে ঐতিহাসিক দর্শনীয় নিদর্শন কী কী আছে।
আজ থেকে বহু বছর আগে ১৯৭৭ সালে ঘাটাল মহকুমার প্রথম আঞ্চলিক ইতিহাসকার পরিব্রাজক পঞ্চানন রায় কাব্যতীর্থ এবং বিশিষ্ট আঞ্চলিক ইতিহাসকার পুরাতত্ত্ববিদ গবেষক অধ্যাপক ড প্রণব রায়ের ” ঘাটালের কথা”য় এখানকার ঐতিহাসিক মন্দির দেবালয় গুলি প্রথম আলোকিত হয়। সেখান থেকেই জানতে পারি এখানে হটনাগর শিবের বৃহৎ দেউলের কথা যেটিতে টেরাকোটা ও স্টাকোর কাজ, মিথুন দৃশ্য মন্দিরের সামনে পীরের গম্বুজ আকৃতির ছোট দেউল এছাড়া পাশাপাশি ধর্মের এবং শীতলার চাঁদনী।একটু দূরে কাশীশ্বর ও কুশেশ্বর শিবের মন্দির।
ঘুরে ঘুরে সব জায়গাতেই এলাম। এখানে একটি ষষ্ঠী দেবীর থানও আছে।
ভাবছিলাম, এখন কতো সহজেই আমরা এখন এইসব জায়গায় পৌঁছে যেতে পারছি পুরনো গ্রন্থ ঘেঁটে ঘুঁটে। কিন্তু যারা প্রথম আলোকপাত করেছিলেন তাঁরা কীভাবে কতো সময় নিয়ে এই সব তৎকালীন কর্দমাক্ত পিচ্ছিল অজানা অচেনা রাস্তায় এসেছিলেন, এবং সব থেকে বড় কথা, কোথায় কী আছে তা জানার ও সবিশেষ অবহিত হওয়ারও কিছু ছিল না। প্রথম কাজ করেন যাঁরা কোনো দৃষ্টান্ত ও থাকে না তাঁদের কাছে।
পরিব্রাজক পঞ্চানন রায় কাব্যতীর্থ এবং অধ্যাপক ড প্রণব রায়ের গ্রন্থে ই প্রথম আলোকিত হয় রত্নেশ্বর বাটীর এই দেবালয় শিবমন্দির সহ ঘাটাল মহকুমার আঞ্চলিক ইতিহাসের অন্যান্য পুরাতাত্ত্বিক নিদর্শন আঞ্চলিক ইতিহাসের কথা।বলা হয়নি গ্রন্থে হটনাগর শিবের মন্দিরের প্রতিষ্ঠাকাল ও উল্লেখ আছে।১৮২৯ খ্রীষ্টাব্দ।
এবার প্রতিষ্ঠাকালীন লিপিটি সম্পর্কে আলোকপাত করা যাক।
বিশিষ্ট গবেষক পুরাতত্ত্ববিদ অধ্যাপক ড প্রণব রায় লিপিটির উদ্ধারের কথা শুধু নয়, অভূতপূর্ব বিশ্লেষণ করে [তাঁর “মেদিনীপুর জেলার প্রত্নসম্পদ” যেটি প্রত্নতত্ত্ব অধিকার, তথ্য ও সংস্কৃতি বিভাগ , পশ্চিম বঙ্গ সরকার ১৯৮৬ সালে প্রকাশ করেছিলেন, এখানে উল্লেখ থাকা উচিত পশ্চিম বঙ্গ সরকার শ্রী তারাপদ সাঁতরার ” পুরাকীর্তি সমীক্ষা: মেদিনীপুর” বলে একটি গ্রন্থও প্রকাশ করেছিলেন ১৯৮৭ সালে। অর্থাৎ প্রণব রায়ের গ্রন্থ প্রকাশের একবছর পর] তাঁর উপরিউক্ত গ্রন্থে মন্দিরটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়েছেন দৈর্ঘ্য প্রস্থ উল্লেখ করে এইভাবে:যেটি মন্দির গাত্রে লিপিটিতে লেখা ছিল।[এখন অবশ্য লিপিটি মন্দির সংস্কারের ফলে অন্তর্হিত]
” চন্দ্রেষু মুণিসংযুক্তে শাকে চৈব নিশাপতৌ
মাঘে চ পঞ্চবিংশাহে আরম্ভোসা বভূব হ”
লিখেছেন
“অর্থাৎ ১৭৫১ শকাব্দের ( ১৮২৯ খ্রি ) ২৫ শে মাঘ তারিখে মন্দির নির্মাণ কাজ আরম্ভ হল। এখানে চন্দ্র = ১ ,ইষু= ৫ ,মুনি = ৭ ,নিশাপতি= ১
লিখেছেন
অঙ্কস্য বামা গতি এই নিয়মানুসারে অর্থাৎ” অঙ্কের বামদিক গতি” এই নিয়মে ১৭৫১ শকাব্দ হয়।
লিখেছেন
বাইরের দেওয়ালে পোড়ামাটির একটি মিথুন দৃশ্য ছাড়া স্টাকোর গোপীদের বস্ত্রহরণ ( সম্ভবত ১৩৫১/৫২ বঙ্গাব্দে( ইং ১৯৪৪-৪৫ ) সংস্কারের সময় আছে।১. মন্দিরের পাশে পীরের একটি আস্তানা গম্বুজ আকৃতি ছোট্ট দেউল।২. কাশীশ্বর ও কুশেশ্বরের দুটি আটচালা ( দুটির ই আনুমানিক উচ্চতা ২২ ফুট -২৫ ফুট) কিছু কিছু স্টাকোর কাজ আছে।
অধ্যাপক ড প্রণব রায় তাঁর অপর একটি গ্রন্থ ” বাংলার মন্দির: স্থাপত্য ও ভাস্কর্য” গ্রন্থে [ যে গ্রন্থটির জন্য তিনি পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গ রাজ্য আকাদেমি পুরস্কার [ ২০০৯ ] এবং দুটি বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডি লিট] পশ্চিমবঙ্গের বিভিন্ন উল্লেখযোগ্য মন্দিরের কথা তুলে ধরার সঙ্গে মন্দিরের স্থাপত্য শৈলীর কথা নির্মাণ কৌশল এবং কোন শ্রেণীর মন্দিরের কোন রীতি তা যেভাবে বিশ্লেষণ করেছেন,তা আধুনিক গবেষণায় সাহায্য করবে।এই রত্নেশ্বর বাটির মন্দিরের কথাও আরো বিশদভাবে তুলে ধরেছেন মেদিনীপুরের ইতিহাস সংস্কৃতির অমূল্য সম্পদ [ মেদিনীপুর ইতিহাস ও সংস্কৃতির বিবর্তন যেটি ৬ টি খন্ডে প্রকাশিত,তার বৃহৎ ৫ম খন্ডটি যেটি মন্দির প্রত্নতত্ত্ব নিয়ে কেবলমাত্র তাঁর ই লেখা ৫ ম খন্ড সেটিতেও এই রত্নেশ্বর বাটীর মন্দিরের ইতিহাস বিশদে লিপিবদ্ধ করেছেন।
ছোটবেলায় বাড়িতে দেখেছি পিতৃদেব পঞ্চানন রায়ের কাছে কতো বিদগ্ধ পন্ডিতদের যাতায়াত ছিল। তাঁদের নিয়ে বেরিয়ে পড়তেন । বাড়িতে বলে যেতেন বিকেলে ফিরবেন। ফিরতেন বেশ কয়েকদিন পর। বিনয় ঘোষ,অমিয় বন্দোপাধ্যায়,তারাপদ সাঁতরা , প্রবোধ কুমার ভৌমিক, সুহৃদ ভৌমিক,তরুণদেব ভট্টাচার্য, আরো কতো সবাইকে সেই সময় চেনার কথাও ছিল না কার নাম উল্লেখ করব। এসেছেন ইংরেজ গবেষক ডেভিড ম্যাক্কাচ্চন সাহেব [ আমি এঁকে অন্তত তিনবার আমাদের বাড়িতে দেখেছি। মাটিতে আসনে বসে রুটি ভাত খেয়েছেন। তখন চেয়ার টেবিলে বসে খাওয়ানো ব্যাপার ছিল না গ্রাম গঞ্জে। এসেছেন ফ্রান্সের রশিদা ডি সিলভা।এঁরা এসেছেন, থেকেছেন। পিতৃদেব এবং অগ্রজ এদের নিয়ে ঘুরে ঘুরে দেখিয়েছেন এখানকার পুরাকীর্তি প্রত্নসম্পদ ।কারো নাম উল্লেখ করব না, এঁদের মধ্যে ও দুজন বিদেশি ইংরেজ ছাড়া পিতৃদেবের কর্মকাণ্ডের কথা বা অগ্রজের কথা কেউ স্বীকার করেননি। ডেভিড সাহেব তাঁর ” লেট মিডিয়ভেল টেম্পলস অব বেঙ্গল” গ্রন্থের একেবারে প্রথম দিকে কৃতজ্ঞতা স্বীকার করেছেন অত্যন্ত বিনম্র ভাবে। এবং রশিদা ডি সিলভা পঞ্চানন রায়ের কথা উল্লেখ করেছিলেন শুনেছিলাম তাঁর দেশের ইতিহাসে এবং তাঁর তোলা পঞ্চানন রায়ের শেষ বয়সের একটি আলোকচিত্র আজও সংগ্রহশালায় রাখা আছে যত্ন সহকারে।
সে কেউ কৃতজ্ঞতা স্বীকার করুন বা না করুন। ইতিহাস – ইতিহাস ই। ইতিহাস কথা বলে তাঁদের কর্মকাণ্ডের নিরিখে। ভুল ভ্রান্তি সংস্কার পুনর্লিখন পুনর্নির্মাণ হতে পারে। কিন্তু অস্বীকার বা অবজ্ঞার উত্তর ইতিহাস ই দেয়।
বলা হয়নি, গতকাল ঐ শিব দুর্গা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আমি এলাকার মানুষের কাছে একটি কথাই বারবার বলেছি, সংস্কার করুন, নতুন করে সজ্জিত করুন কিন্তু যদি ঐ হটনাগর মন্দিরের লিপিটি তুলে নিয়ে কেউ ঘরে জঞ্জাল আবর্জনার মধ্যে ফেলে রেখে থাকেন তাহলে অবশ্যই লিপিটি যথাস্থানে পুনঃনির্মাণের জায়গায় সংস্থাপন করুন। [অবশ্য লিপিটি থেকে থাকলেও আদৌ সেটি অবিকৃত অবস্থায় আছে বলে মনে হয় না]

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *