দাসপুরের রাধাকান্তপুর গ্রামে রয়েছে দাসেদের গোপীনাথের একরত্ন মন্দির।এই মন্দিরটির প্রতিষ্ঠাকালীন সময়ের সঙ্গে জড়িয়ে আছে এক করুণ কাহিনি।দাস বংশের আদি পুরুষ জনানন্দ দাসের পুত্র শ্যামদাস বর্ধমান থেকে গোপীনাথের বিগ্রহ এনে প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দিরে।১৮৪৪ সালে মন্দিরটি সংস্কারের সময় পরবর্তী বংশধর যজ্ঞেশ্বর দাস দীর্ঘ ৯ টি সারিতে মন্দির গাত্রে সেই কাহিনি লিপিবদ্ধ করেছিলেন।
রাজা শোভা সিংহ তখন চেতুয়া ও বরদার অধিপতি। তাঁর আদেশে কোনো এক স্থানে পরিখা অথবা পুষ্করিণী খনন চলছিল। তাঁর ই পদস্থ কর্মচারী শ্যামদাস পুষ্করিণীর কড়া অর্থাৎ খননকারীদের নিজের কাজে লাগিয়েছিলেন। রাজার খননকারীদের নিজ কাজে ব্যবহার- এই বিষয়ে জানতে পেরে রাজা সৈন্য সামন্ত সহ উপস্থিত হয়ে পদাতিককে শ্যামদাসের মুন্ডচ্ছেদের আদেশ দেন।
জনশ্রুতি,মুন্ড কাটার পর সেটি দুর্গা নাম উচ্চারণ করেছিল। মন্দিরের লিপিতে তা উল্লেখ আছে:
” তাহাতে ছেদিল মুন্ড/ দুর্গা দুর্গা ডাকে তুন্ড/ শুনি রাজা মানিল বিস্ময়”।
১৬৯৫-৯৬ সালে ঔরংজেবের রাজস্ব সংগ্রাহক বর্ধমানের রাজা কৃষ্ণচন্দ্রের বিরুদ্ধে শোভা সিংহের বিদ্রোহ এক ঐতিহাসিক ঘটনা।এই ঘটনায় শোভা সিংহের চরিত্রের একটি দিক উন্মোচিত হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী এই মন্দিরের প্রতিষ্ঠাকাল সংস্কার কালের প্রায় দু’শ বছর আগে। সুতরাং মন্দির টি দাসপুরের একটি প্রাচীন ঐতিহ্যবাহী মন্দির।

দাসপুরে বহু পুরনো মন্দির ধ্বংসের পথে।বহু মন্দিরে সাল তারিখ জানার কোনো উপায় নেই।বহু মন্দিরের টেরাকোটাগুলো ও ক্ষতিগ্রস্থ। অনেক মন্দিরের লিপি গুলো ও অবলুপ্ত। সেখানে এই মন্দিরের সুদীর্ঘ লিপি মন্দির প্রতিষ্ঠা কালীন সময়ের এক ঐতিহাসিক তথ্যের সন্ধান দেয়। মন্দির টির নির্মাণ কালের সঙ্গে জড়িয়ে আছে চেতুয়া বরদার বিদ্রোহী রাজা শোভাসিংহের নাম
[ প্রবন্ধটি আনন্দবাজার পত্রিকার ২৪ আগস্ট ২০১৮ প্রকাশিত]

Leave a Reply